বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ঢাকার ধলপুরের লিচু বাগান এলাকায় ২০টি কুকুর হত্যার দায়ে তিনজনকে পৃথক ধারায় আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন গতকাল রোববার এ রায় দেন। দণ্ডিতরা হলেন- আবুল খায়ের, অপু ও মানিক। আদালতের বেঞ্চ সহকারী সাইম উদ্দিন বলেন, “রায়ে ১৬(খ) ধারায় প্রত্যেককে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। “এছাড়া প্রাণী কল্যাণ আইন,২০১৯ এর ১৬(ক) ধারায় প্রত্যেককে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় ধারার সাজা একত্রে চলবে; এক্ষেত্রে দুই বছর কারাভোগ করতে হবে।” রায় ঘোষণার সময় দণ্ডিত মানিক আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর ধলপুরের লিচু বাগান এলাকায় লোহার রড, সাড়াশি ও প্রাণঘাতী ইনজেকশন দিয়ে ২০টি কুকুরকে হত্যা করে বস্তায় ভরে নিয়ে যায় আবুল খায়ের, অপু ও মানিক। ভিডিও দেখে পরে তাদের শনাক্ত করা হয়। এ ঘটনায় ২৫ জানুয়ারি আদালতে মামলা দায়ের করেন অ্যানিমেল লাভারস অব বাংলাদেশের মারুফুল হক । মামলাটি তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে একই বছরের ৫ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেন যাত্রাবাড়উ থানার এসআই শফিকুল ইসলাম। ২০২৪ সালের ২১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত তিনজনের সাক্ষ্যগ্রহণ করে। আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে গতকাল রোববার রায় ঘোষণা করা হলো।