বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের সির এল-ঘারবিয়েহ গ্রামে একটি তিনতলা ভবনে হামলা চালানো হলে এই হতাহতের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর সিভিল ডিফেন্স ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার এবং নিহতদের মরদেহ বের করার কাজ চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে। কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়ছে। গাজা যুদ্ধ এবং সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাবেও লেবানন-ইসরায়েল সীমান্তে হামলা ও পাল্টা হামলার ঘটনা বাড়তে শুরু করেছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত পুরো মাত্রায় যুদ্ধের দিকে গড়ালে তা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে এবং লেবাননসহ আশপাশের দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতির ওপর বড় প্রভাব ফেলতে পারে।